| ছবি: সংগৃহীত |
জাতীয় ডেস্ক | জনপ্রচার বাংলাদেশ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আত্মরক্ষার্থ গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। ঘটনার পর আহত ব্যক্তিসহ তার সাথে থাকা অন্য সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্যরা দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা বিজিবির নির্দেশনা অমান্য করে উল্টো ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন: প্রেমিককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন প্রেমিকা, দুজনকেই পেটাল পুলিশ
অধিনায়ক আরও জানান, এমন পরিস্থিতিতে নিজেদের জীবন রক্ষা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালাতে বাধ্য হন। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে আহত ব্যক্তিসহ তার সঙ্গী দ্রুত ভারতের সীমানায় পালিয়ে যায়।
সীমান্তের সার্বিক নিরাপত্তা ও চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি ঘটনার সুনির্দিষ্ট তদন্ত চলমান রয়েছে।