| ছবি: সংগৃহীত |
নোয়াখালী প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বসতবাড়ি থেকে এই বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়। অভিযুক্ত মো. আবদুস সামাদ (ডাক্তার সামাদ) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের বিভিন্ন উন্নয়ন ও খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে এনে অবৈধভাবে মজুদ করে রাখা হচ্ছিল। পরবর্তীতে সুযোগ বুঝে সাধারণ ক্রেতাদের কাছে এসব চাল বাজারে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে ধারণা স্থানীয়দের। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আবদুস সামাদের বাড়িতে যান এবং একটি কক্ষে সরকারি সিলযুক্ত বিপুল পরিমাণ চালের বস্তা দেখতে পান। পরে তারা তাৎক্ষণিকভাবে সুবর্ণচর উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিশেষ অভিযান চালান এবং ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করে চরজব্বার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে নিয়ে যান।
আরও পড়ুন: সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক
অবৈধ মজুদের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জামায়াত নেতা আবদুস সামাদ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁর ছোট ভাই ডাক্তার আজগর একজন চালের ডিলার। একটি নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের এসব চাল তিনি বৈধভাবে কিনে এনেছিলেন এবং পরবর্তীতে তা সাময়িকভাবে বাড়িতে রাখা হয়েছিল।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে দ্রুততম সময়ের মধ্যে চালগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চাল কেনার পেছনে তাদের দাবি অনুযায়ী কোনো বৈধ কাগজপত্র কিংবা ডিলারের অনুমতিপত্র আছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে কোনো অনিয়ম প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।