ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

0

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ


টাঙ্গাইলের গোপালপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবদলের এক শীর্ষ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে এই ঘটনায় ওই নেতাসহ তিনজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। শুক্রবার (১৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। ধর্ষণের অভিযোগে দল থেকে বহিষ্কৃত দুলাল হোসেন (রাবণ) গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দুলাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন।


মামলার বিবরণী থেকে জানা যায়, ২২ বছর বয়সী ওই ভুক্তভোগী তরুণী গত ১ ফেব্রুয়ারি এবং ১ এপ্রিল দুই দফায় ধর্ষণের শিকার হন। ধর্ষণের প্রথম ঘটনার সময় দুলাল হোসেনের সহযোগী ও উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন। এই ঘটনার পর গত ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে গেলেও পুলিশ প্রথমে মামলাটি নেয়নি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ১৩ এপ্রিল ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দিলে গত ১৫ এপ্রিল থানা পুলিশ মামলাটি এফআইআর ভুক্ত করে।


এদিকে মামলার পর এক ভিন্ন প্রেক্ষাপটে ওই তরুণীর পরিবারের দুই সদস্য নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করে ধর্ষণের এই অভিযোগটি অসত্য বলে দাবি করেছেন। তবে ভুক্তভোগী তরুণীর অভিযোগ, আসামিরা স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছেন। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ওই তরুণী বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default