ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
প্রচলিত ধারার অপরাজনীতি পরিহার করে শ্রমিকের প্রকৃত অধিকার নিশ্চিতে প্রতিটি কর্মক্ষেত্রে শক্তিশালী ভিত্তি স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। শনিবার (৯ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে এই লক্ষ্য ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, “শ্রমিকদের কেন্দ্র করে রাজনীতি করার ইতিহাস অনেক পুরনো এবং বিশ্বজুড়ে বহু সফল বিপ্লব শ্রমিকদের হাত ধরেই এসেছে। বাংলাদেশেও এই রাজনীতির সমৃদ্ধ ইতিহাস থাকলেও দুঃখজনকভাবে শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বরং শ্রমিকদের স্বার্থের চেয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বেশি।” তিনি ইসলামী শ্রমিক আন্দোলনকে এই ধারা পরিবর্তন করে সত্যিকার অর্থেই শ্রমিকবান্ধব একটি রাজনৈতিক ধারা গড়ে তোলার নির্দেশ দেন।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রচলিত রাজনীতিতে মালিক ও শ্রমিকের সম্পর্ককে সবসময় সাংঘর্ষিক হিসেবে তুলে ধরা হয়েছে। যেখানে মালিক পক্ষ মনে করে শ্রমিক রাজনীতি মানেই উৎপাদন ব্যাহত হওয়া, আর শ্রমিকরা মনে করে এটি কেবল সংঘাতের পথ। তিনি বলেন, “আমরা এই সংঘাতময় রাজনীতির অবসান চাই। ইসলামী শ্রমিক আন্দোলন বিশ্বাস করে, মালিক ও শ্রমিকের পারস্পরিক বোঝাপড়া এবং উভয়ের স্বার্থ রক্ষা করাই হলো প্রকৃত কল্যাণময় রাজনীতি।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।