ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্কা:
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে আজ রোববার (১০ মে) থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। রাজধানীর রাজারবাগে আয়োজিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বার্ষিক পুলিশ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন।
এবারের পুলিশ সপ্তাহ আগামী বুধবার (১৩ মে) পর্যন্ত চলবে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাকে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়নের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।” বিশেষ করে মব ভায়োলেন্স বা গণপিটুনি, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি আরও সক্রিয় হওয়ার কঠোর নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের সক্ষমতা সরাসরি যুক্ত। একারণেই সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নকে জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে অগ্রাধিকার দিচ্ছে।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বর্তমানের জটিল ও বহুমাত্রিক অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা অ্যানালিটিকস এবং ডিজিটাল ফরেনসিকের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং পুলিশকে হতে হবে সেবার প্রকৃত প্রতীক। এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।