ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে উত্তর ও পূর্বাঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামীকাল সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি যদি শক্তিশালী হয়, তবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পেতে পারে।
লঘুচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালসহ দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির আভাস থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের গতিপ্রকৃতির ওপর ভিত্তি করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।