ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

0

বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মো: ইউনূস | ছবি: সংগৃহীত

জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার বিচার চেয়ে ড. মুহাম্মদ ইউনূস ও ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার পিতা উসাইমং মারমা এই আবেদন জানান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিষয়টি নিয়ে পরবর্তীতে আদেশ প্রদানের জন্য অপেক্ষমাণ রেখেছেন।


মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মাইলস্টোন স্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, রাজউক চেয়ারম্যান, সাবেক পরিবেশ উপদেষ্টা ড. সৈয়দা রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ১৬ জনকে আসামি করার অনুরোধ জানানো হয়েছে।


বাদীর এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা করে নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও যান্ত্রিক ত্রুটিযুক্ত এফ-৭ যুদ্ধবিমানকে জনবহুল ঢাকা শহরের ওপর প্রশিক্ষণ উড্ডয়নের অনুমতি দিয়েছিলেন। এর ফলে ২০২৫ সালের ২১ জুলাই উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের পাইলটসহ মোট ৩৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী।


আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়ার কারণে প্রাণহানির মাত্রা বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনার পর নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের নির্ধারিত হারে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো পরিবার সেই সহায়তা পায়নি। এটি একটি ‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গ’ বলে বাদীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।


এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু চিরতরে পঙ্গুত্ব বরণ করে পরিবারের জন্য স্থায়ী বোঝা ও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় পার হলেও ক্ষতিপূরণ না পাওয়া এবং প্রকৃত দায়ীদের বিচারের আওতায় না আোনায় সংক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবার আজ এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default