ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব ও কুয়েত। মিত্র দেশগুলোর এমন অনড় অবস্থানের মুখে পারস্য উপসাগরে পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রিয়াদের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘প্রিন্স সুলতান বিমানঘাঁটি’ ব্যবহার কিংবা সৌদি আরবের আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক বিমান চলাচলের অনুমতি দেয়নি দেশটি। কুয়েতও একই পথে হেঁটে যুক্তরাষ্ট্রের জন্য তাদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, গত রোববার ট্রাম্প যখন হঠাৎ করেই ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করেন, তখন সৌদি আরবসহ উপসাগরীয় মিত্র দেশগুলো বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ করলেও কোনো কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারেননি। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, বর্তমানে সবকিছু এত দ্রুত ঘটছে যে কৌশলগত সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। তবে দুই দেশের বৈরিতার মাঝে পাকিস্তান যে মধ্যস্থতার চেষ্টা করছে, রিয়াদ তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে।
হোয়াইট হাউস দাবি করেছে যে মিত্রদের আগে থেকেই অবহিত করা হয়েছিল, তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছেন, ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন কেবল ওমানের সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি মন্তব্য করেন, "যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দিয়েছে, পরে আমাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছে; যদিও এতে আমরা ক্ষুব্ধ নই।"
এদিকে ট্রাম্পের এই অভিযান স্থগিতের ঘোষণার ২৪ ঘণ্টা পার হতেই পাল্টা চাল দিয়েছে ইরান। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি, চিকিৎসা এবং অন্যান্য সব ধরণের সহায়তা দিতে তারা পুরোপুরি প্রস্তুত। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের জলসীমার কাছে অবস্থানরত যেকোনো জাহাজ প্রয়োজন অনুযায়ী খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সহায়তা ইরান থেকে গ্রহণ করতে পারবে।
সব মিলিয়ে, পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই কূটনৈতিক ও সামরিক স্নায়ুযুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে।
সূত্র: গালফ নিউজ