বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আর নেই

0

সদ্য প্রয়াত মাওলানা সরোয়ার কামাল আজিজী, আমীর- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:


১১ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির ও বর্ষীয়ান আলেম মাওলানা সরওয়ার কামাল আজীজি (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।


পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার দুপুর ২টায় লোহাগাড়ার পদুয়া ঠাকুরদিঘি হেমায়েতুল ইসলাম মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


মাওলানা সরওয়ার কামাল আজীজি ১৯৪৭ সালে লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট। স্থানীয় মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। দ্বীনি শিক্ষার পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায়ও উচ্চতর ডিগ্রি অর্জন করেছিলেন।


ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন। ১৯৮১ সালে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সহ-সম্পাদক হিসেবে তার মূল ধারার রাজনীতি শুরু হয়। পর্যায়ক্রমে তিনি দলটির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর তিনি দলটির কেন্দ্রীয় আমির নির্বাচিত হন।


রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসাসহ বহু দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মৃত্যুকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং শাহ ওয়ালীউল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক হিসেবেও দায়িত্বরত ছিলেন।


এই প্রবীণ আলেম ও রাজনীতিবিদের ইন্তেকালে চট্টগ্রামের আলেম সমাজ ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করা হয়েছে।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default