বিজেপির জয়ে কলকাতায় মুসলিমদের দোকান ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বিজেপি ও ভারতকে দায়িত্বশীল হতে হবে।

0

ছবি: জনপ্রচার বাংলাদেশ গ্রাফিক্স

জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কলকাতায় সংখ্যালঘু মুসলিমদের দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে এই নোংরা সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ও ভারত সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়োল্লাসের নামে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা চালানো হচ্ছে, তা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নিউমার্কেট এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই বুলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলিমদের বেশ কিছু দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় হামলাকারীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিল এবং পুরো এলাকা বিজেপির পতাকায় ছেয়ে গিয়েছিল।


অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, "যে নির্বাচন বা গণতন্ত্র সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তাকে প্রকৃত গণতন্ত্র বলা যায় না। আমরা বিজেপি কর্মীদের এই উগ্র ও সাম্প্রদায়িক মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি।" তিনি স্পষ্টভাবে বলেন, ভারতের সংখ্যালঘু নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব ভারত সরকার এবং রাজনৈতিকভাবে বিজেপির ওপরই বর্তায়।


বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব অভিযোগ করেন যে, খোদ পুলিশের সামনে এ ধরণের ন্যক্কারজনক ঘটনা ঘটলেও প্রশাসন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।


বার্তা প্রেরক: 
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ।


/এমএইচবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default