মাদক কারবারি ধরিয়ে দিলেই নগদ পুরস্কার; শিবচরে এমপি হানজালার ঘোষণা!

0

ছবি: সংগৃহীত

জনপ্রচার বাংলাদেশ


মাদারীপুরের শিবচর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এক ব্যতিক্রমী ও সাহসী ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে সাধারণ মানুষকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


গত রোববার (১০ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এমপি হানজালা এই ঘোষণা দেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, “শিবচরের মানুষ ভালোবেসে আমাকে ভোট দিয়েছেন। সেই আস্থার মর্যাদা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। যুবসমাজ ও দেশকে রক্ষা করতে হলে সমাজকে মাদকমুক্ত করার কোনো বিকল্প নেই।”


ভিডিও বার্তায় এমপি আরও স্পষ্ট করেন যে, মাদক নির্মূলে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পরিচয় কাজে আসবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের সঙ্গে আমার দলের কেউ কিংবা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। আমি কথা দিচ্ছি, শিবচরকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন তার সবটুকু আমি করব।”


মাদকবিরোধী এই লড়াইয়ে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনে তিনি সংসদ সদস্য হিসেবে নিজে মাঠপর্যায়ে অভিযানে অংশ নেওয়ার কথা জানান। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা মাদক ব্যবসায়ীদের পাকড়াও করুন। কেউ যদি মাদকসহ কারবারিকে ধরিয়ে দিতে পারে, তবে আমি তাকে এমনভাবে পুরস্কৃত করব যাতে সে সত্যিই খুশি হয়।”


নির্বাচনের আগে থেকে শুরু হওয়া এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default