ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্তে এআই-চালিত ক্যামেরার মাধ্যমে গত এক সপ্তাহেই তিন শতাধিক ডিজিটাল মামলা করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় বিমানবন্দর সড়কে সৌরবিদ্যুৎ চালিত অত্যাধুনিক ট্রাফিক লাইট উদ্বোধনকালে এই তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঢাকা শহরকে আধুনিক ও যানজটমুক্ত করার লক্ষ্যেই এই ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে কোনো যানবাহন ট্রাফিক সিগন্যাল অমান্য করলে কিংবা উল্টোপথে চলাচল করলেই স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা নথিভুক্ত হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, অভিযুক্ত চালক বা যানবাহনের মালিক ভিডিও ফুটেজে সরাসরি নিজের অপরাধ দেখতে পারবেন, ফলে স্বচ্ছতা নিশ্চিত হবে।
ডিএমপি প্রধান আরও জানান, বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার প্রায় ৩০টি পয়েন্টে এই প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ব্যবস্থা পুরোদমে চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করা সম্ভব হবে, যা চালকদের আইন মানতে বাধ্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ট্রাফিক বিভাগের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আধুনিক এই প্রযুক্তির ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং ট্রাফিক পুলিশের ওপর শারীরিক চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে।