| ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা আরও চারটি মামলার জামিন সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার (১১ মে) দিন ধার্য করা হয়েছে। এর আগে, গত ৭ মে হত্যাসহ মোট পাঁচটি মামলায় তার জামিন নিয়ে রুলের শুনানি শেষ হয়েছিল, যার প্রেক্ষিতে আজ আদেশের দিন নির্ধারিত ছিল।
আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাকে এই পাঁচটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে গত বছরের ১ সেপ্টেম্বর এই মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন উচ্চ আদালত।