ইসলামী আন্দোলনেও আসছে ‘ছাত্রী উইং’

0

ছবি: জনপ্রচার বাংলাদেশ গ্রাফিক্স

জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নারী ভোটারদের মধ্যে প্রভাব বিস্তারে নতুন রণকৌশল হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই পরিকল্পনার অংশ হিসেবে এবার ছাত্রীদের জন্য আলাদা একটি সাংগঠনিক উইং বা শাখা গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার পরপরই এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


দলীয় সূত্রে জানা গেছে, নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক একটি প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছে দল।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখা গেছে, নারী ভোটার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক উপস্থিতি বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলের নারী উইংগুলোর সক্রিয়তা দলটির শীর্ষ নেতাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। গত বছর আন্তর্জাতিক নারী দিবসে ৩৪ সদস্যের কেন্দ্রীয় মহিলা ইউনিট গঠন করলেও, ছাত্রীদের জন্য পৃথক কোনো কাঠামো ছিল না। প্রজন্মগত ব্যবধান ঘুচিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম বিস্তৃত করতেই এই ‘ছাত্রী উইং’ গঠনের সিদ্ধান্ত।


দলীয় সূত্র বলছে, আগামী ১৮ মে কেন্দ্রীয় সভায় এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে। প্রস্তাবিত এই সংগঠনটি ‘ইসলামী ছাত্র আন্দোলন’-এর মতোই একটি স্বতন্ত্র ইউনিট হিসেবে পরিচালিত হবে। তবে এটি মূল সংগঠনের অভিভাবকত্বে থাকবে। নেতৃত্বে আলেমা, চিকিৎসক ও শিক্ষকদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।


দলের ভেতরে এই সংগঠনের ধরণ নিয়ে আলোচনা চলছে। নেতারা জানিয়েছেন, এটি কেবল রাজনৈতিক কর্মী বাহিনী হিসেবে নয়, বরং জ্ঞান, দক্ষতা, দাওয়াহ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সংগঠিত করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পর্যায়ে সাংগঠনিক কাঠামো তৈরির পাশাপাশি ডিজিটাল নেটওয়ার্কিংয়েও গুরুত্ব দেওয়া হবে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী দলগুলোকে নিয়ে নারী ইস্যুতে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা ভাঙার একটি প্রচেষ্টা হতে পারে এই উদ্যোগ। তবে দেশের ক্যাম্পাস রাজনীতিতে নতুন এই সংগঠনটি কতটা প্রভাব ফেলতে পারবে, তা নির্ভর করবে তাদের মাঠপর্যায়ের কার্যক্রম ও সাংগঠনিক সক্ষমতার ওপর।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default