
ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
বিদেশিদের ওপর নির্ভরতা পরিহার করে দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
গত মঙ্গলবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অবস্থিত ‘সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টার’-এ আয়োজিত এক প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা শাখা আয়োজিত এই সম্মেলনে পীর সাহেব চরমোনাই বলেন, "দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থের জন্য শুভ নয়। সার্বভৌমত্ব রক্ষার নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, তার ফলে দেশ রাজস্ব হারাবে এবং জনগণকে উচ্চমূল্যে পণ্য কিনতে হবে।" তিনি আরও অভিযোগ করেন যে, এই চুক্তির ফলে দেশের নীতি নির্ধারণে অন্যের হস্তক্ষেপ বাড়বে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তাই অবিলম্বে এ ধরনের চুক্তি বাতিলের দাবি জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুষ্ঠানের বিস্তারিত জানানো হয়।
জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি প্রমুখ। সম্মেলনে সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।