ছবি: সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের প্রতিবাদে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক সক্রিয় কর্মী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রামের দেবাশীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
দল ত্যাগকারী এই কর্মীর নাম দেলোয়ার হোসেন (৩৭)। তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
দেলোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে দলীয় দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি সংসদ সদস্যের একটি আপত্তিকর ভিডিও প্রকাশ পাওয়ার পর সর্বসাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দলীয় তদন্তেও বিষয়টি সত্য প্রমাণিত হওয়ায় চরম হতাশ ও আঘাতপ্রাপ্ত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নূরনগর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুর রাজ্জাক জানান, দেলোয়ার হোসেন সংগঠনের একজন নিয়মিত কর্মী ছিলেন। লোকমুখে ও সহকর্মীদের মাধ্যমে তিনি দুধ দিয়ে গোসল করে দেলোয়ারের দল ছাড়ার খবরটি শুনেছেন।
উল্লেখ্য, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে এমপি দাবি করেন, ভিডিওর তরুণীটি তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে সত্যতা পাওয়ার পর গত বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত।