সাতকানিয়ায় কোটা আন্দোলনের কর্মসূচিতে হামলা, মুফতি নূরুল্লাহ সিকদার আহত

0

ছবি: গ্রাফিক্স জনপ্রচার বাংলাদেশ

সাতকানিয়া প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আয়োজিত একটি কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রবীণ নেতা মুফতি নূরুল্লাহ শিকদারসহ দলটির বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির প্রতি সংহতি প্রকাশ এবং ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদে গত ১৮ জুলাই কেরানীহাট এলাকায় এক মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচি চলাকালীন হঠাৎ একদল সশস্ত্র যুবক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।


হামলার মুখে সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় চকুরিয়ার বাসিন্দা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতি নূরুল্লাহ শিকদার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান।


ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উপস্থিত কর্মীরা রক্তাক্ত অবস্থায় মুফতি নূরুল্লাহ শিকদারসহ অন্য আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংগঠনের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।


এদিকে, শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি যাচাই করে এই ঘটনার পেছনে জড়িত ও নির্দেশদাতাদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default