![]() |
| ছবি: সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্ক | জনপ্রচার বাংলাদেশ
লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের চার প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ মে) দেশটির নাবাতিয়ে জেলার জিবশিত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারটি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা বাড়ির ঠিক কাছাকাছি পৌঁছানো মাত্রই তাদের লক্ষ্য করে অতর্কিত ড্রোন হামলা চালানো হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন রক্তাক্ত ও গুরুতর জখম হন।
আহত বাংলাদেশিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের গোলাম মোস্তফার সন্তান মোহাম্মদ মমিন মিয়া, তার স্ত্রী জিনা আক্তার (পিতা: খোরশেদ উদ্দিন, গ্রাম: গাংকুল কান্দি, মনোহরদী, নরসিংদী) এবং তাদের দুই সন্তান।
আরও পড়ুন: রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর
হামলার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দক্ষিণ লেবাননের শেখ রাগেব হারব হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক। বিশেষ করে জিনা আক্তার এই হামলায় তার একটি পা হারিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আগামীকালই তাদের সাইদা শহরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করার কথা রয়েছে।
এই ঘটনার পর বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রবাসীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করতে দূতাবাস থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, দক্ষিণ লেবাননে চলমান সামরিক উত্তেজনা এবং এই বর্বরোচিত হামলার পর সেখানে বসবাসরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দূতাবাস থেকে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলো এড়িয়ে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
