ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক, জনপ্রচার বাংলাদেশ:
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাসহ মোট তিনজন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই হামলায় নিহত অপরজন সিরীয় নাগরিক বলে জানা গেছে। সোমবার (১১ মে) লেবাননের স্থানীয় সংবাদমাধ্যম 'লরিয়েন্ট টুডে'র এক প্রতিবেদনে এই হৃদয়বিদারক তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকার একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে মিসাইল হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, রোববার এই হামলাটি সংঘটিত হয়েছে। নিহত দুই বাংলাদেশি সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছিলেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেই ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও বিমান হামলা থামেনি। এই হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা ড্রোন হামলা চালাচ্ছে বলে সোমবার দাবি করেছে।
যুদ্ধবিরতি চলাকালীনও দফায় দফায় এমন বিমান ও ড্রোন হামলায় বেসামরিক সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও চরম উদ্বেগ সৃষ্টি করেছে। নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা বা ক্ষতিপূরণের বিষয়ে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী পদক্ষেপ নিচ্ছে, সেদিকেই এখন নজর সবার।
সূত্র: লরিয়েন্ট টুডে