![]() |
| ছবি সংগৃহীত |
আন্তর্জাতিক বিনোদন ডেস্ক: পাশ্চাত্য সংগীত জগতের জনপ্রিয় মুখ এবং আমেরিকান গায়িকা জেনিফার গ্রাউট আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 'আরব গট ট্যালেন্ট' প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই তারকা এখন একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে নিজের জীবন অতিবাহিত করছেন।
মরক্কোতে অবস্থানকালীন স্থানীয় সংস্কৃতি এবং ইসলামের আধ্যাত্মিক দর্শনের প্রতি জেনিফার গ্রাউটের আগ্রহ তৈরি হয়। তিনি জানান, পবিত্র কোরআনের অলৌকিকতা এবং নবী মুহাম্মদ (সা.)-এর জীবন দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘ সময় গবেষণার পর ইসলাম ধর্ম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। গতানুগতিক জীবনধারার পরিবর্তে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ঈমান আনার মাধ্যমেই তিনি আত্মিক প্রশান্তি খুঁজে পেয়েছেন বলে উল্লেখ করেন।
ইসলাম গ্রহণের পর জেনিফার গ্রাউট নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘শাহিনাহ’ (Shahina)। বর্তমানে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন এবং ইসলামের মৌলিক বিধানসমূহ পালন করছেন। সংগীতের মূলধারা থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়ে তিনি এখন ইসলামিক ক্যালিগ্রাফি এবং পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত নিয়ে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুমধুর তিলাওয়াত ইতোমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য যে, জেনিফার গ্রাউট ২০১৩ সালে মরক্কোর ফেজ শহরে আনুষ্ঠানিকভাবে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সম্প্রতি তার ইসলামিক জীবনযাপন এবং পর্দানশীন বেশভূষার ছবি সামাজিক মাধ্যমে পুনরায় আলোচনায় উঠে আসায় তার এই পরিবর্তনের বিষয়টি নতুন করে বিশ্ববাসীর নজরে আসে।
