| ছবি: সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্ক | জনপ্রচার বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহা উদযাপনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, দুটি দেশই নিশ্চিত করেছে যে আগামী ২৭ মে (বুধবার) তাদের দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। উভয় দেশের তথ্যমতে, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাস গণনা শুরু হবে। যেহেতু জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপিত হয়, সেই হিসেবে আগামী ২৭ মে দেশ দুটিতে এই ধর্মীয় উৎসব উদযাপিত হতে যাচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ প্রকাশ করে তিউনিসিয়া। অন্য দিকে, তুরস্ক সরাসরি খালি চোখে চাঁদ দেখা ছাড়াই আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সূক্ষ্ম গণনার ওপর ভিত্তি করে ঈদের এই তারিখ চূড়ান্ত করেছে। তুর্কি প্রশাসন নিশ্চিত করেছে যে, ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ মাসের চাঁদ ইসলামি ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই মাসেই মুসলমানরা তাদের পবিত্র বার্ষিক হজ পালন করেন এবং ১০ম দিনে পশু কোরবানি দেন। জিলহজ মাসের নবম দিনে পবিত্র আরাফাত দিবস এবং এর পরদিনই ঈদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
আরও পড়ুন: সুপারকো জানাল পবত্রি কোরবানীর ঈদের সম্ভাব্য তারিখ
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা আজ রোববার (১৭ মে) সন্ধ্যার পর জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আগেই জানিয়েছে, আজ রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ তারিখে পবিত্র জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানের জন্য বিশেষ কমিটি বৈঠক করবে। আজ জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেলে আগামীকাল থেকেই মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হবে এবং সেই অনুযায়ী ঈদের তারিখ নির্ধারিত হবে।