সুপারকো জানাল পবত্রি কোরবানীর ঈদের সম্ভাব্য তারিখ

0

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, জনপ্রচার বাংলাদেশ:


আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে উদযাপিত হতে পারে, তা নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'সুপারকো'। সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার (১২ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সুপারকোর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৭ মে দিবাগত রাত ১টার দিকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হতে পারে।

 

সুপারকোর তথ্যমতে, ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। ওই দিন পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত এবং চাঁদ অস্ত যাওয়ার মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।


গাণিতিক এই হিসাব অনুযায়ী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা, যার প্রেক্ষিতে ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে মহাকাশ গবেষণা সংস্থা এই পূর্বাভাস দিলেও ঈদ ও চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় 'রুইয়াত-ই-হিলাল কমিটি'। প্রথা অনুযায়ী, সারা দেশ থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহের পর তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।


সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য বা পাকিস্তানের চাঁদ দেখার সাথে এ অঞ্চলের ঈদের একটি সামঞ্জস্য থাকে। পাকিস্তানের এই আগাম বার্তার পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ঈদের মানসিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে নিয়ম অনুযায়ী, নিজ নিজ দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default