| ছবি: সংগৃহীত |
খুলনা প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ
স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে টাকা স্থানান্তরের মাধ্যম হিসেবে আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে 'বাংলা কিউআর' কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। সরকারের এই লক্ষ্যমাত্রা সফল করতে আগামী জুনের মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার উদাত্ত আহ্বান জানান তিনি। শনিবার (১৬ মে) খুলনার একটি অভিজাত হোটেলে ২০২৬-২৭ অর্থবছরের ১ম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়তে কেন্দ্রীয় ব্যাংক যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, সেখানে দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ সবার অংশগ্রহণ জরুরি। ডিজিটাল লেনদেন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে জাতীয় রাজস্ব আদায় এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা অনেক সহজ ও স্বচ্ছ হবে। কাগজের নোট মুদ্রণের খরচের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছর আমাদের কাগজের নতুন নোট ছাপাতে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ক্যাশলেস লেনদেন বাড়ানোর মাধ্যমে এই খরচ যদি অর্ধেকেও নামিয়ে আনা সম্ভব হয়, তবে সরকারের অন্তত ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এ সময় তিনি কৃষকদের ঋণ সহজীকরণ এবং আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে পাঁচটি ব্যাংককে একীভূত করার চলমান প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আরও পড়ুন: যেসব ব্যাংকে টাকা রাখা নিরাপদ
আগামী অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রণয়নের এই সভায় খুলনার স্থানীয় ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় ব্যবসায়ী ও অংশীজনেরা খুলনার আঞ্চলিক প্রেক্ষাপটে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং পণ্য সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান নানান প্রতিবন্ধকতার চিত্র গভর্নরের সামনে তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে নতুন মুদ্রানীতির বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।