খাগড়াছড়িতে পাহাড় ধস! খবর শুনে পর্যবেক্ষণে ইসলামী আন্দোলন বাংলাদেশ

0

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ


টানা ভারী বর্ষণে খাগড়াছড়ি পার্বত্য জেলাজুড়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।


টানা কয়েকদিনের বৃষ্টির পর গত রোববার থেকে খাগড়াছড়িতে একনাগাড়ে মুশলধারে বর্ষণ শুরু হয়। এর ফলে আজ বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি পৌরসভার শালবন ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটে।


পাহাড় ধসের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দলটির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান শেখ।


নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এই সময় তারা অভিযোগ করেন, অপরিকল্পিত ও অবৈধ উপায়ে পাহাড় কেটে মাটি উত্তোলন করার কারণেই এই অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি ও প্রবণতা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে বড় বিপর্যয় এড়াতে পাহাড় কাটা বন্ধে অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।


এদিকে বর্ষার শুরু থেকেই খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নিয়মিত মাইকিং করা হচ্ছে। এছাড়া নিম্নাঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয় ও খাদ্য সহায়তার জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র এবং ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং দ্রুত নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default