ছবি: জনপ্রচার বাংলাদেশ গ্রাফিক্স
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের লম্বা ছুটির ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সরকারি ছুটি বলবৎ থাকবে। তবে এই লম্বা ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস-আদালত যথারীতি খোলা থাকবে। ফলে যারা আগেভাগে বাড়ি ফিরতে চান, তাদের এই দুই দিন অফিস করতে হবে।
সাধারণত হিজরি সনের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে পবিত্র ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালিত হয়। সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। দীর্ঘ সাত দিনের এই ছুটির ঘোষণায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতির কথা জানানো হয়েছে।
/এমএইচবি