কওমী সনদধারীরা আলিয়া মাদরাসায় চাকরির সুযোগ পাচ্ছেন

0

ছবি: জনপ্রচার বাংলাদেশ গ্রাফিক্স

জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:


কওমি মাদরাসা ও আলিয়া মাদরাসার মধ্যে সমন্বয়ের এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর ‘দাওরায়ে হাদিস’ সনদধারীরা সরকারি আলিয়া মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলিয়া মাদরাসার ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদরাসার এই সনদ অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে।


একইসঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে শিগগিরই ১৩ হাজারেরও বেশি ‘সহকারী মৌলভী’ নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


গত বুধবার (৬ মে) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় এই যুগান্তকারী সিদ্ধান্ত হয়। সভায় কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’-এর কো-চেয়ারম্যান শায়খ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।


সিদ্ধান্ত অনুযায়ী ‘সহকারী মৌলভী’ পদে আবেদনের জন্য প্রার্থীদের আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ডসমূহের ‘ইলমে কেরাত’ অথবা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ থাকতে হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এই পদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে ১০ম।


সভায় জানানো হয়, কোমলমতি শিক্ষার্থীদের কুরআন চর্চায় উৎসাহিত করতে ‘কুরআন পড়, জীবন গড়’ স্লোগানে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করা হবে। ৮ থেকে ১৪ বছর বয়সী স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত হাফেজ ও ক্বারীগণ।


কওমি আলেমদের সনদ আরও সহজীকরণের লক্ষ্যে ‘MyGov’ প্ল্যাটফর্মে ‘Apostille’ পদ্ধতিতে দাওরায়ে হাদিস সনদ সত্যায়নের প্রস্তাব আইসিটি মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সচিব দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া সভায় মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার ও নেতিবাচক ‘মিডিয়া ট্রায়াল’ রুখতে আইনি ও সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। কওমি আলেম ও বোর্ডগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default