আইন ব্যাখ্যা নয়, প্রয়োগে মনোযোগী হোন : স্বরাষ্ট্রমন্ত্রীকে ইসলামী আন্দোলন

0

ছবি: জনপ্রচার বাংলাদেশ গ্রাফিক্স

নিজস্ব প্রতিবেদক | জনপ্রচার বাংলাদেশ


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ক্রমবর্ধমান নৃশংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বুধবার (১৩ মে) এক বিবৃতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনের তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেয়ে তা কঠোরভাবে বাস্তবায়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান।


বিবৃতিতে মাওলানা ইউনুস আহমদ বলেন, “আইন ও সংবিধান ব্যাখ্যায় আপনি বারবার পারঙ্গমতা দেখিয়েছেন। এখন সময় এসেছে নিজ মন্ত্রণালয়ের মূল দায়িত্ব অর্থাৎ আইন প্রয়োগে মনোযোগ দেওয়ার।” তিনি উল্লেখ করেন, বর্তমানে সমাজে যে ধরণের লোমহর্ষক ও নৃশংস অপরাধ ছড়িয়ে পড়ছে, তা কোনোভাবেই একটি সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।


চলতি বছরের প্রথম চার মাসের অপরাধের চিত্র তুলে ধরে তিনি কিছু উদ্বেগজনক তথ্য প্রদান করেন। তিনি জানান:


  • গত চার মাসে ১১৫ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
  • স্বামীর হাতে ৫৬ জন এবং স্বামীর পরিবারের হাতে ৮ জন নারী প্রাণ হারিয়েছেন।
  • ধর্ষণের শিকার হয়েছেন ১৮০ জন নারী, যার মধ্যে অন্তত ৪৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
  • নিজ পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন আরও ২১ জন নারী


মাওলানা ইউনুস আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রে সরকার ও প্রশাসন বিদ্যমান থাকা অবস্থায় এমন ভয়াবহ নৃশংসতা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এসব তথ্য শুনলে মানসিকভাবে সুস্থ থাকা কঠিন হয়ে পড়ে।


বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় নৃশংস কন্টেন্টের ছড়াছড়ি নাগরিক মনস্তত্ত্বকে বিষিয়ে তুলছে। অপরাধ প্রবণতা স্বাভাবিক হয়ে আসার পেছনে এটি একটি বড় কারণ। সরকারকে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কঠোর নজরদারি করার দাবি জানান তিনি।


ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা মনে করেন, আইনের শক্ত ও ন্যায়নিষ্ঠ প্রয়োগ অপরাধীদের মনে ভীতির সঞ্চার করতে পারে। তাই অপরাধ দমনে সরকারকে কালক্ষেপণ না করে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান তিনি।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default