সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

0

ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত খাদেমুল উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গভীর রাতে আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস পিলারের কাছে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় একাধিক আঘাত লাগে।


গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসতে সক্ষম হন। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি নিয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো এবং পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


সীমান্তে একের পর এক এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default