ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে কুড়িগ্রামের সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কড়াকড়ির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ পারাপার বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত চৌকিগুলোতে। লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে আমরা বদ্ধপরিকর। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
কুড়িগ্রামে সতর্কতা জারির ঠিক আগেই গত শুক্রবার (৮ মে) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন— মুরসালিন (২২) ও নবীর হোসেন (৫৫)। এই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিএসএফের গুলিতে তারা নিহত হন। তাদের মরদেহ বর্তমানে ভারতের একটি মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে কুড়িগ্রামসহ দেশের অন্যান্য স্পর্শকাতর সীমান্তে বিজিবির এই বাড়তি সতর্কতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।