জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
ভারতের কেরালার বিধানসভা নির্বাচনে এক নজিরবিহীন ও ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন তরুণ আইনজীবী ফাতিমা তাহিলিয়া। বামপন্থীদের দীর্ঘদিনের অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ‘পেরাম্ব্রা’ আসনে জয়লাভ করে তিনি রাজ্য আইনসভায় ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রথম নারী প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়েছেন।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ফাতিমা তাহিলিয়া মোট ৮১ হাজার ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং কেরালার বাম গণতান্ত্রিক জোটের (এলডিএফ) শীর্ষস্থানীয় নেতা টি.পি. রামকৃষ্ণনকে ৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
রামকৃষ্ণনের এই পরাজয়কে বাম শিবিরের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই পেরাম্ব্রা আসন থেকেই রামকৃষ্ণন ২২ হাজারেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। ফলে মাত্র কয়েক বছরের ব্যবধানে এই আসনের এমন ওলটপালট মালাবার অঞ্চলের ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, ফাতিমা তাহিলিয়ার এই ঐতিহাসিক বিজয় কেবল একটি আসনের জয়-পরাজয়ের সমীকরণ নয়, বরং এটি ভারতের রক্ষণশীল মুসলিম নারীদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। অতীতে আইইউএমএল-এর পক্ষ থেকে খুব কম নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং ২০২৬ সালের পূর্বে মনোনীত হওয়া উভয় নারী প্রার্থীই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। সেই ধারা ভেঙে তরুণ এই আইনজীবীর বিধানসভায় প্রবেশ দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।