ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না—এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণ করলেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার নাসিমা সুলতানা। আজ বিশ্ব মা দিবসে নিজের শরীরের একটি অংশ (কিডনি) দিয়ে মৃত্যু পথযাত্রী সন্তানকে নতুন জীবন দান করছেন এই মমতাময়ী মা।
পারিবারিক সূত্রে জানা যায়, জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার বাসিন্দা নাসিমা সুলতানা পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার ছেলে আকাশ গত নয় মাস আগে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানান, আকাশের দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষা আর ডায়ালাইসিসের যন্ত্রণার পর কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত মা নিজেই এগিয়ে আসেন নিজের কিডনি দান করতে।
আজ রবিবার (১০ মে) বিশ্ব মা দিবসের সকালেই রাজধানীর একটি হাসপাতালে মা ও ছেলের এই কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার শুরু হওয়ার কথা রয়েছে। দেশের একজন প্রখ্যাত কিডনি ট্রান্সপ্লান্ট সার্জনের নেতৃত্বে এই জটিল অপারেশনটি সম্পন্ন হচ্ছে।
আকাশের বড় বোন বৃষ্টি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ভাইকে বাঁচাতে মা নিজের জীবন বাজি রেখেছেন। মায়ের মতো ত্যাগ আর কেউ করতে পারে না। আমি সবার কাছে আমার মা ও ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই।”
এদিকে একজন মায়ের এমন বিরল আত্মত্যাগের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এই মায়ের প্রতি শ্রদ্ধা ও আকাশের দ্রুত সুস্থতা কামনা করে অসংখ্য পোস্ট করছেন। স্থানীয়রা বলছেন, বিশ্ব মা দিবসে সন্তানের প্রতি মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।