কুতুবদিয়ায় ১ লক্ষ টন তেল নিয়ে এমটি নিনেমিয়া

0

অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’। ছবি: সংগৃহীত

জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:


মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সুখবর পেল বাংলাদেশ। হরমুজ প্রণালীর বিপজ্জনক রুট এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে বিশালাকার ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর দেশে অপরিশোধিত জ্বালানি তেলের এটিই প্রথম বড় চালান।


বুধবার (৬ মে) সকালে জাহাজটি সফলভাবে কুতুবদিয়া অ্যাংকরেজে নোঙর করে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।


জানা গেছে, গত ২১ এপ্রিল সৌদি আরব থেকে যাত্রা শুরু করেছিল ‘এমটি নিনেমিয়া’। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময়ের আগেই এটি বাংলাদেশ জলসীমায় পৌঁছেছে। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, জাহাজটি থেকে তেল খালাসের জন্য আগে থেকেই দুটি লাইটার জাহাজ কুতুবদিয়ায় প্রস্তুত রাখা হয়েছে। বুধবার থেকেই তেল খালাস বা লাইটারিং প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার (৭ মে) থেকেই বন্ধ থাকা রিফাইনারি প্ল্যান্টটি পুনরায় উৎপাদনে ফিরবে।


জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। প্রকৌশলী শরীফ হাসনাত আরও জানান, ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনার জন্য ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। আগামী ১১ মে জাহাজটির বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।


বর্তমানে বাংলাদেশ সরকারি পর্যায়ে (জি-টু-জি পদ্ধতিতে) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল আমদানি করে থাকে। এই তেল পরিবহনের দায়িত্ব পালন করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। উল্লেখ্য, ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে থাকে। যুদ্ধের কারণে এই সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হলেও বিকল্প রুটে তেলের এই চালান আসা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default