ডেকে নিয়ে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

0

ছবি: সংগৃহীত

জনপ্রচার বাংলাদেশ | গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে সালিশি বৈঠকে ডেকে নিয়ে জয়নাল আবেদীন (৬০) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয় বলে দাবি করেছে নিহতের পরিবার।


সোমবার (১১ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীনের মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।


নিহত জয়নাল আবেদীন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের বাসিন্দা এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। গত শনিবার (৯ মে) সন্ধ্যায় ফাওগান বাজারে সাত বছরের এক শিশুকে লাঞ্ছিত করার সাজানো অভিযোগ তুলে তাকে সালিশে ডাকা হয়।


নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করেন, স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদুল ইসলামের নেতৃত্বে একদল লোক জয়নাল আবেদীনকে স্কুল মাঠে নিয়ে এলাপাতাড়ি মারধর করে। তিন দফায় নির্মম নির্যাতনের পর তাকে মৃতপ্রায় অবস্থায় একটি ফার্মেসির সামনে ফেলে রাখা হয়। এমনকি তাকে হাসপাতালে নিতে চাইলেও অভিযুক্তরা বাধা দেয় এবং তাদের বসতবাড়িতে ভাঙচুর চালায়।


নিহতের আরেক ছেলে মনির হোসেনের দাবি, হামলাকারীরা অত্যন্ত নির্দয়ভাবে তার বাবার ওপর শারীরিক নির্যাতন চালায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ তুলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পিটিয়ে হত্যার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্যসহ জড়িতরা আত্মগোপনে রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default