| ছবি: সংগৃহীত |
স্পোর্টস ডেস্ক | জনপ্রচার বাংলাদেশ:
ক্রিকেট মাঠ থেকে শুরু করে রাজনীতির ময়দান—সবখানেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মুখ খুলেছেন তার বর্তমান অবস্থা নিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তারকা সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা এবং বিসিবি নিয়ে অকপট কথা বলেছেন।
সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাকিব তার নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখছি কেউই তা করে না।” তবে খেলোয়াড়ি জীবনেই রাজনীতিতে আসার সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা নেই তার। এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য, “আমি মনে করি আমি ভুল কিছু করিনি।”
মাগুরা থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি আবেগী কণ্ঠে বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি; সেখানে আমি সবসময়ই ফয়সাল ছিলাম।”
বিগত কিছুদিনের ঘটনাপ্রবাহে সাকিবের দেশে ফেরা নিয়ে ভক্তদের মাঝে জল্পনা তুঙ্গে। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, দেশে ফিরলে তিনি আগে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? জবাবে সাকিব কিছুটা শঙ্কা প্রকাশ করে বলেন, “এখন তো ঢাকাতে পা রাখাটাই আমার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়।”
সাবেক সতীর্থ ও বন্ধু তামিম ইকবালের বোর্ড সভাপতি হওয়া এবং বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন সাকিব। তামিমের নেওয়া নতুন কোনো উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “পরবর্তী নির্বাচনের পর যে বোর্ড গঠিত হবে, তাদের হাতে হয়তো দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত সময় থাকবে।”
সাকিবের এই সাক্ষাৎকারটি ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ভক্তরা তার মাঠে ফেরার অপেক্ষায় থাকলেও, অন্যদিকে তার রাজনৈতিক অবস্থান ও নিরাপত্তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।