ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

0

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, জনপ্রচার বাংলাদেশ


ভারতের মহারাষ্ট্র রাজ্যে আকস্মিক ঝড় ও ভারী বর্ষণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের সাঙ্গলি জেলায় একটি মন্দিরের সীমানা দেওয়াল ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও ১৪ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের বিখ্যাত 'মার্গুদেবী' মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ধর্মীয় কারণে মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় ছিল। ঘটনার সময় মন্দির চত্বরে প্রায় ৩৫০ জন দর্শনার্থী উপস্থিত ছিলেন।


সাঙ্গলি জেলা পুলিশ সুপার তুষার দোশি জানান, সন্ধ্যার দিকে হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হলে উপস্থিত ভক্তরা নিরাপদ আশ্রয়ের খোঁজে মন্দিরের সীমানা দেওয়ালের পাশে থাকা একটি টিনশেডের নিচে জড়ো হন। বৃষ্টির ঝাপটা ও বাতাসের তীব্রতায় হঠাৎ দেওয়ালের একটি বিশাল অংশ ধসে টিনশেডের ওপর পড়ে। এতে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে।


ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৪ জনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।


প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এমন প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default