ছবি: জনপ্রচার বাংলাদেশ গ্রাফিক্স
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
আসন্ন ঈদুল আজহার আগেই সাভার চামড়া শিল্পনগরীর সেন্ট্রাল ইফিউয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) সহ বিদ্যমান সকল সংকট সমাধানের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৯ মে) এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ এই দাবি জানান।
বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমদ বলেন, প্রতি বছর কোরবানির মৌসুমে চামড়ার বাজার নিয়ে যে হাহাকার তৈরি হয়, তা অত্যন্ত দুঃখজনক। চামড়া সরাসরি গরিব ও এতিমদের হক। আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী, এই চামড়ার টাকা মাদরাসাগুলোর মাধ্যমে এতিম শিশুদের পড়ালেখা ও ভরণপোষণে ব্যয় হয়। কিন্তু সাভার চামড়া শিল্পনগরীর অব্যবস্থাপনা ও সিইটিপি সমস্যার কারণে বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। ফলে কোরবানির সময় পানির দরে চামড়া বিক্রি করতে হয়, যা দেশের জাতীয় সম্পদ অপচয়ের পাশাপাশি এতিমদের প্রাপ্য অধিকারকেও ক্ষুণ্ণ করছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, চামড়া আমাদের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতে আন্তর্জাতিক পরিবেশগত শর্তগুলো পূরণ না করলে বিশ্ববাজারে ভালো দাম পাওয়া অসম্ভব। বিষয়টি সবাই জানলেও বিগত সরকারের সময় এই খাতে চরম উদাসীনতা ও অবহেলা দেখা গেছে। তিনি প্রশ্ন তোলেন, অন্য কারো স্বার্থ রক্ষায় দেশের এই সম্ভাবনাময় শিল্পকে ধ্বংস করার কোনো চক্রান্ত ছিল কি না।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "চামড়া শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। এবার কোরবানির চামড়া যেন নষ্ট না হয় এবং এতিমদের হক যেন নিশ্চিত থাকে, সরকারকে এখনই সেই ব্যবস্থা করতে হবে।"
বার্তা প্রেরক: শেখ ফজলুল করীম মারুফ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ।