ছাত্র-জনতার রক্তে অর্জিত ‘জুলাই সনদ’ নিয়ে কোনো ধরনের বিতর্ক বা অপরাজনীতি না করে দ্রুত সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুস আহমদ বলেন, জুলাই সনদ কেবল একটি সাধারণ দলিল নয়, বরং এটি স্বৈরতন্ত্রের শৃঙ্খলমুক্ত হওয়ার একটি জাতীয় প্রতিজ্ঞা। এই সনদ তৈরিতে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনের শ্রম ও রক্ত মিশে আছে। তিনি সতর্ক করে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের অতি-রাজনীতি ও বিভাজন তৈরি করা হয়েছিল, জুলাই অভ্যুত্থান নিয়ে সেই একই ভুলের পুনরাবৃত্তি দেখতে চায় না দেশবাসী। জুলাই বিপ্লব আমাদের সবার সম্পদ এবং এর আদর্শের প্রতি দায়বদ্ধতাও সর্বজনীন।
বৈঠকে মহাসচিব সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল দাবি ছিল স্বৈরতন্ত্রের স্থায়ী বিলুপ্তি। কিন্তু কিছু অধ্যাদেশ সংশোধন না করে বিলোপ করার সিদ্ধান্তে জনমনে শঙ্কার সৃষ্টি হয়েছে। তথাপি আমরা সরকারের ওপর আস্থা রাখতে চাই। তিনি গুম প্রতিরোধ, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য দ্রুত নতুন আইন প্রণয়নের দাবি জানান। একইসাথে উচ্চকক্ষ গঠনের বিষয়ে গণভোটের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।
ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা আরও বলেন, সংস্কারের পথে ব্যত্যয় ঘটলে তা হবে শহীদদের রক্তের সাথে গাদ্দারি। আর রক্তের সাথে বেঈমানি করলে তার ফলাফল কখনো শুভ হয় না। বৈঠকে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এমএস