দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। প্রথাগত রাজনীতির বাইরে তরুণদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান। বর্তমানে তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
পারিবারিকভাবে জামায়াত সংশ্লিষ্টতা থাকলেও ড. নাদিমুর দীর্ঘদিন ধরেই প্রগতিশীল ও সংস্কারপন্থী চিন্তার জন্য আলোচিত। দলটির রাজনৈতিক কৌশল নিয়ে বিভিন্ন সময় দ্বিমত পোষণ এমনকি নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েও তিনি খবরের শিরোনাম হয়েছিলেন। এনসিপি-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ড. নাদিমুর নিজ থেকেই দলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং খুব শীঘ্রই তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে ড. নাদিমুর জানান, এনসিপির তরুণ নেতৃত্ব এবং তাদের আদর্শিক কর্মকাণ্ড তাকে আকৃষ্ট করেছে। বর্তমানে বিদেশে থাকলেও সেখান থেকেই দলের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি এবং দেশে ফিরে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের যোগদানের হিড়িক পড়েছে। এর আগে এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৪৫ জন নেতা দলটিতে শামিল হয়েছেন। এনসিপি নেতৃবৃন্দের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারা আরও অন্তত চার হাজার আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
/এমএস