নিজস্ব প্রতিবেদক
সারাদেশে আগামী পাঁচ দিন কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, এই সময়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ১ মে পর্যন্ত বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। তবে এর পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও একই আবহাওয়া বিরাজ করবে এবং দেশের আটটি বিভাগেই কমবেশি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার অর্থাৎ ১ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টির তীব্রতা বেশি থাকার পর শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে। শনিবার ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রংপুর ও রাজশাহীর দিকে বৃষ্টি কমে আসতে পারে। ফলে সপ্তাহের শেষ দিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, আগামী পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপকভাবে কমে যাবে এবং সারাদেশে গরমের তীব্রতা আবারও বাড়তে পারে।