| ছবি: সংগৃহীত |
স্পোর্টস ডেস্ক | জনপ্রচার বাংলাদেশ
ফুটবল দুনিয়ার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী বিশ্বকাপে লিওনেল মেসির খেলার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও সাবেক তারকা ডিফেন্ডার রবার্তো আয়ালা স্পষ্ট জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেদের জার্সিতে মাঠে নামবেন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম রেডিও লা রেড-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘মেসির খেলার বিষয়টি ইতিমধ্যেই পুরোপুরি নিশ্চিত। স্কোয়াডের প্রথম খেলোয়াড় হিসেবে সে-ই প্রথম আগামী বিশ্বকাপ দলে নিজের জায়গা নিশ্চিত করেছে।’
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বা দল গঠন নিয়ে কথা বলতে গিয়ে আয়ালা আরও জানান, মূল টুর্নামেন্টের জন্য এখনো চূড়ান্ত তালিকা তৈরির কাজ নিখুঁতভাবে চলছে। দলের ভেতরের প্রতিযোগিতা ও বর্তমান পরিস্থিতি বুঝাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আসলে এমন একটি কলম দিয়ে ফুটবলারদের তালিকা করছি, যা প্রয়োজনে মুছে ফেলা যায়। দল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সবার পারফরম্যান্সের ওপর নজর রাখতে হবে।’
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না ‘ছোট মেসি’কে !
চলতি বছরে ৩৯ বছরে পা রাখতে যাওয়া ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ঘিরে গত কয়েক মাস ধরেই ফুটবল মহলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বয়স, সাম্প্রতিক ইনজুরি ও দীর্ঘমেয়াদি ফিটনেস নিয়ে নানা প্রশ্ন থাকলেও, সব সংশয় উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত আরও একটি বিশ্বকাপ মঞ্চে বিশ্ববাসী দেখতে পাবে এই আর্জেন্টাইন অধিনায়ককে। কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী এই অধিনায়ক আবারও বিশ্বমঞ্চ মাতাতে প্রস্তুত, আয়ালার এমন মন্তব্যের পর বিশ্বজুড়ে কোটি কোটি মেসি ভক্তদের মাঝে চরম উন্মাদনা ও স্বস্তি ফিরে এসেছে।