ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার | জনপ্রচার বাংলাদেশ
রাজধানী ঢাকায় যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ (শূণ্য সহনশীলতা) নীতি ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধের সাথে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে অপরাধীর কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাবশালী পরিচয়কে বিন্দুমাত্র রেহাই দেওয়া হবে না। বুধবার (২০ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ডিএমপি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সাথে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, প্রায় তিন কোটি মানুষের এই মেগাসিটিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। বর্তমানে এই মহানগরে ছিনতাই, মাদক ব্যবসা, অবৈধ চাঁদাবাজি, কিশোর গ্যাং বা গ্যাং কালচার, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধগুলো পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক ও ডিজিটাল অপরাধ কঠোরভাবে দমনে গত ১ মে থেকেই ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে এবং তা আরও বেগবান করা হবে।
আরও পড়ুন: যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তির অপব্যবহার রুখতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ডিএমপি প্রধান বলেন, সাইবার অপরাধ ও অনলাইন জালিয়াতি প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আধুনিক প্রযুক্তিতে আরও শক্তিশালী ও দক্ষ করা হচ্ছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে স্থাপিত অত্যাধুনিক ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এই ল্যাবের আন্তর্জাতিক মানের কারিগরি সক্ষমতা দেশের সাইবার সুরক্ষা আইনের অধীনে রুজু হওয়া মামলাগুলোর তদন্ত দ্রুত ও নিখুঁত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত ও শৃঙ্খলায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন নতুন ডিএমপি কমিশনার। একই সাথে আসন্ন পবিত্র ঈদুল আজহায় রাজধানীজুড়ে পশুর হাট, কোরবানি এবং নাগরিকদের ঈদযাত্রা যাতে সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন থাকে, সে লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।