| ছবি: আ.ন.ম এহ্সানুল হক মিলন (শিক্ষামন্ত্রী) |
নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে উপাচার্যদের সরাসরি কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটোরিয়ামে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা যদি প্রকৃত উন্নয়ন চান, তবে সরকার হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ক্রমাগত বাড়লেও এর গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রী আক্ষেপ করে বলেন, বিদেশে পড়াশোনা করে এসে আমরা যখন বাইরের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো দেখি, তখন কেন নিজের দেশের প্রতিষ্ঠানগুলোকে সেই আদলে গড়তে পারি না? বিশ্ববিদ্যালয়গুলো কি কেবল নতুন পদ তৈরি, নিয়োগ বাণিজ্য আর রাজনৈতিক বাহবা পাওয়ার জায়গা হবে? এসব বিষয়ে সংশ্লিষ্টদের গভীরভাবে ভাবার সময় এসেছে।
উচ্চশিক্ষাকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, ইন্টিগ্রেটেড বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নের জন্য উপাচার্যদের কাছ থেকেই কার্যকর প্রস্তাবনা আসা উচিত। কেবল পজিশন তৈরি নয়, বরং শিক্ষার মান উন্নত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।