ছবি: সংগৃহীত | বিদ্যুতের লাইন
নিজস্ব প্রতিবেদক
তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে চলমান বিদ্যুৎ বিভ্রাট বা রেশনিং পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে জাতীয় গ্রিডে নতুন করে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, এপ্রিল মাসের শেষ নাগাদ এই বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি মাসের মধ্যেই ভারতের আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীর আরএনপিএল থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ পাওয়া শুরু হবে। কয়লা সংকটের কারণে দেশের তিনটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকলেও আজ রোববার কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যা দ্রুত উৎপাদন শুরু করতে সহায়ক হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিটটি আজ ২৬ এপ্রিল থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এছাড়া ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের এসএস পাওয়ার এবং আরপিসিএল-নরিনকো যৌথ উদ্যোগে নির্মিত পটুয়াখালীর আরএনপিএল কেন্দ্র থেকে ৬০০ মেগাওয়াট করে মোট ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যা চলতি মৌসুমে সাড়ে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছেন, তারা ঢাকাকে লোডশেডিং মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন। জ্বালানি সংকট কাটাতে ইতিমধ্যেই এলএনজি, ফার্নেস অয়েল এবং কয়লা আমদানির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগ।