| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে তুরস্কে অবস্থানরত ড. নাদিমুর রহমান ভার্চুয়ালি এই রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ড. নাদিমুর রহমান ছাড়াও এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন ফরায়েজী আন্দোলনের প্রাণপুরুষ হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। এছাড়া গাজীপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবিএস আরিফও এই দলে যুক্ত হয়েছেন।
নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তির এই জোয়ারে শামিল হয়েছেন জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে গঠিত সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর শীর্ষ নেতারা। সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ কেন্দ্রীয় নেতারা নতুন ধারার এই রাজনীতিতে পথ চলার শপথ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে নতুন এই রাজনৈতিক জোটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও মুখ্য সংগঠক সারজিস আলম। অনুষ্ঠানে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নীতিনির্ধারক পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন ঘরানার ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ব্যক্তিদের এই জোট দেশের প্রচলিত রাজনৈতিক সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে।