
ছবি: জনপ্রচার বাংলাদেশ গ্রাফিক্স
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
পবিত্র ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ 'জাকাত' নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। জাকাত ও ফিতরার চেয়ে চাঁদাবাজিকে ‘শ্রেয়’ বলায় তার এই বক্তব্যকে ইসলাম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা শাখা।
আজ ৩ মে (রবিবার) এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা শাখার সভানেত্রী মিসেস নুরুস সাহিবা ও সদস্য সচিব হাফেজা বুশরা এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় স্পষ্ট করে বলেন, নিলোফার চৌধুরী মনির এই মন্তব্য কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং তার চরম নির্বুদ্ধিতার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃদ্বয় পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে জাকাতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাকাত ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি। সুরা তওবায় আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘উহাদের সম্পদ হতে জাকাত গ্রহণ করবে, এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবে।’ অর্থাৎ জাকাত হলো সম্পদের পবিত্রকারী। এছাড়া রাসুলুল্লাহ (সা.) জাকাতকে অমঙ্গল দূরকারী হিসেবে উল্লেখ করেছেন। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যদি কেউ তার সম্পদের জাকাত আদায় করে, তবে তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যায়। এমন একটি পবিত্র বিধানকে চাঁদাবাজির সাথে তুলনা করা কোনো মুসলিমের কাজ হতে পারে না।
সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে নেত্রীদ্বয় বলেন, বিএনপি ও জামায়াতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের ‘অম্ল-মধুর’। তারা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে, আবার বর্তমানে পরস্পরবিরোধী অবস্থানে থাকলেও তাদের সম্পর্কের ভেতরে একধরণের মিষ্টতা পরিলক্ষিত হয়। কিন্তু নিজেদের মধ্যকার তর্কে বা রাজনৈতিক রেষারেষিতে ইসলামের মৌলিক বিধানকে অপমান বা তুচ্ছ করার কোনো অধিকার কারো নেই।
বিবৃতিতে মিসেস নুরুস সাহিবা ও হাফেজা বুশরা বলেন, “নিলোফার চৌধুরী মনিকে তার এই কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের জন্য অনতিবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা আশা করি, তিনি নিজের ভুল বুঝতে পেরে বক্তব্য প্রত্যাহার করবেন এবং মহান আল্লাহর দরবারে তওবা ও ইস্তেগফার করবেন।”