ফেনী সীমান্তে হঠাৎ কেন বিজিবির রেড অ্যালার্ট? নেপথ্যে কী কারণ?

0

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ফেনী


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন-পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান (হাই অ্যালার্ট) জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং চোরাচালান বন্ধে বিজিবির পক্ষ থেকে টহল ও গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে।


আজ রোববার (১০ মে) ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনার কথা জানানো হয়।


বিজিবি জানায়, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের মাদক বা ভারতীয় পণ্য পাচার হতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা অবিরাম টহল চলছে। বিশেষ করে স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল পেট্রোল ও ফুট পেট্রোল মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি বিওপি-কে (বর্ডার আউটপোস্ট) বিশেষ সতর্কবার্তাও দেওয়া হয়েছে।


সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্তবাসীর সহায়তা চেয়েছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কোনো সন্দেহজনক গতিবিধি বা অপরিচিত ব্যক্তির দেখা মিললেই যেন দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পকে জানানো হয়। সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে একটি দুর্ভেদ্য নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীটি।


এ বিষয়ে ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই আপসহীন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default