ছবি: সংগৃহীত
জনপ্রচার বাংলাদেশ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের ‘গোপন বা গুপ্ত রাজনীতিতে’ বিশ্বাস করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার (১ মে) মে দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাইয়ের ভাই ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে কোনো জোটে ইসলামের স্বার্থেই ছিল এবং সেখান থেকে বের হয়েছেও ইসলামের স্বার্থে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সাথে ধোঁকাবাজি বা প্রতারণা করা এই দলের নীতি নয়। তার ভাষায়, “আমরা ইসলামের জন্য অনায়াসে ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু সামান্য ক্ষমতার লোভে কখনোই ইসলামকে বিসর্জন দিতে পারি না।
সমাবেশে তিনি দেশের বর্তমান রাজনৈতিক বিতর্কের সমালোচনা করে বলেন, সংসদে নতুন করে মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের যে পুরোনো বিতর্ক তোলা হচ্ছে, তা জাতির জন্য বিভ্রান্তিকর। মুক্তিযোদ্ধা দাবিদারদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, সত্য বললেই তো হয় আপনার পরিবারের কে কে মুক্তিযোদ্ধা ছিলেন? কোথায় তারা যুদ্ধ করেছেন বা কোথায় শহীদ হয়েছেন? এসব পরিষ্কার করলে কোনো অস্পষ্টতা থাকে না। তথ্য গোপন রেখে বিভ্রান্তি ছড়ানো জাতির জন্য কাম্য নয়।