ছবি: সংগৃহীত
নেত্রকোনা প্রতিনিধি | জনপ্রচার বাংলাদেশ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে। এর ফলে নতুন করে উপজেলার বড়কাপন ও পোগলা ইউনিয়নের বেশ কয়েকটি হাওর প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বড়কাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামাউড়া স্লুইসগেট সংলগ্ন অংশের বাঁধটি আকস্মিক ভেঙে যায় এবং তীব্র গতিতে হাওরে পানি প্রবেশ করতে থাকে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, গত দুদিনের অবিরাম বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি হঠাৎ বিপৎসীমা স্পর্শ করে। এর ফলে হাওরের নিচু এলাকার রোপিত ফসল ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল দ্রুত পরিদর্শন করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তাঁর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান, হাওরের সিংহভাগ বোরো ধান কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তাই বাঁধ ভেঙে পানি ঢুকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম। তবে হাওরের যেসব উঁচু এলাকায় এখনও কিছু ফসল বাকি রয়েছে, সেগুলো মূহূর্তের মধ্যে কেটে দ্রুত ঘরে তোলার জন্য স্থানীয় কৃষকদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।