হত্যার হুমকি ও মব সন্ত্রাস: ছাত্রদল নেতার মন্তব্যে উত্তপ্ত রাজনীতি, কড়া প্রতিবাদ জানালো শিবির!

0

ছবি: জনপ্রচার বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুকের ‘গুপ্ত শিবির হত্যার’ হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে ‘সরাসরি ফৌজদারি অপরাধ’ এবং ‘ফ্যাসিবাদের বীভৎস রূপ’ হিসেবে অভিহিত করেছেন।


বিবৃতিতে শিবিরের নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে যখন দেশবাসী একটি নিরাপদ ও মেধাভিত্তিক শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখছে, তখন প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়ে হত্যার ঘোষণা দেওয়া চরম উদ্বেগজনক। তাদের মতে, ওমর ফারুকের এই বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নয়, বরং এটি সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডের উস্কানি।


শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল পরিকল্পিতভাবে সহিংসতার পরিবেশ তৈরি করছে। বিবৃতিতে চট্টগ্রাম সিটি কলেজে সশস্ত্র হামলা, পাবনা ও কুমিল্লায় নেতাকর্মীদের ওপর আক্রমণ এবং শাহবাগ থানায় মব সন্ত্রাসের উদাহরণ টেনে বলা হয়, একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের কাছে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে পেশিশক্তির পথ বেছে নিয়েছে। শিবিরের দাবি, সরকার ও প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি ও হল দখলের অপসংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে।


বিবৃতির শেষে ছাত্রশিবির স্পষ্ট করে জানায় যে, তারা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে এই হত্যার হুমকি প্রদানকারী ও হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায়, ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে। প্রতিহিংসার পথ পরিহার করে সকল ছাত্রসংগঠনকে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানায় সংগঠনটি।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/popular/default