নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজের মৌসুম সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিশেষ নির্দেশনায় জানিয়েছে, নির্দিষ্ট ছয়টি গুরুতর ও দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা থাকলে এবার হজের অনুমতি বা পারমিট দেওয়া হবে না। হজের সময় ভিড় এবং শারীরিক পরিশ্রমের কথা বিবেচনা করেই হাজিদের জীবন রক্ষায় এই নতুন স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যেসব শারীরিক অবস্থায় এবার হজে অংশ নেওয়া যাবে না তার মধ্যে রয়েছে:
- কিডনির গুরুতর জটিলতা বা যাদের নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন।
- হৃদযন্ত্রের গুরুতর সমস্যা বা হার্ট ফেইলিউরের রোগী।
- লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি।
- জটিল মানসিক রোগ বা স্মৃতিভ্রম (ডিমেনশিয়া)।
- বয়সজনিত কারণে চরম শারীরিক অক্ষমতা বা দুর্বলতা।
- গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী।
স্বাস্থ্যবিধির পাশাপাশি টিকাদান সংক্রান্ত নিয়মেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সকল হজযাত্রীর জন্য ‘মেনিনোকোক্কাল মেনিনজাইটিস’ টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকার ডোজ অবশ্যই হজের অন্তত ১০ দিন আগে গ্রহণ করতে হবে এবং তার সনদ সংগ্রহে রাখতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং পবিত্র ভূমিতে মহামারি প্রতিরোধে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে।